আশরাফুল ইসলাম শ্রীপুর গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়া পাড়া (জোনাকি মোড়) এলাকা থেকে এক কৃষকের গোয়ালঘর থেকে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় সাত লাখ টাকা বলে জানা গেছে।
ভুক্তভোগী কৃষক রফিকুল ইসলাম জানান, গরুগুলোই ছিল তার পরিবারের জীবিকার প্রধান অবলম্বন। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার গোয়ালঘরে প্রবেশ করে গরুগুলো চুরি করে নিয়ে যায়। সকালে উঠে গোয়ালঘর খালি দেখে তিনি ও পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন।
তিনি আরও বলেন, এই গরুগুলো বিক্রি করেই সংসার চালাতাম। এখন কীভাবে চলব বুঝতে পারছি না।
ঘটনার খবর পেয়ে এলাকাবাসী সেখানে জড়ো হয় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করেন।
এদিকে এ ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা রাতে টহল জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার দাবি জানিয়েছেন।
পরে বিষয়টি শ্রীপুর থানা পুলিশকে জানানো হয়েছে। পুলিশ জানায়, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং চোরদের শনাক্তের চেষ্টা চলছে।