প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৬, ৭:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২৬, ৩:৪৮ অপরাহ্ণ
শ্রীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আশরাফুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
বুধবার (৪ জানুয়ারি )দুপুরে শ্রীপুর উপজেলার বরমী বাজারে অবস্থিত বরমী জামিয়া আনওয়ারীয়া মাদ্রাসার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগ দেন।
যোগদানকারী নেতাকর্মীদের নেতৃত্ব দেন বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস ছাত্তার।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন, বরমী জামিয়া আনওয়ারীয়া মাদ্রাসার মুহতামিম মুফতি আশেকে মোস্তফাসহ স্থানীয় আলেম সমাজের নেতৃবৃন্দ ও বিএনপির নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্যে খেলাফত মজলিস শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস ছাত্তার বলেন, বিএনপি আলেম সমাজকে সম্মান ও মর্যাদা দিয়ে থাকে। সেই কারণেই আমরা বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।
এ সময় অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আলেম সমাজের এই যোগদান বিএনপির জন্য অত্যন্ত আনন্দের। আগামী দিনে তাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা হবে।অনুষ্ঠান শেষে নবাগত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Copyright © 2026 প্রতিদিনের কন্ঠ. All rights reserved.