আশরাফুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে পুলিশের উপর হামলা চালিয়ে অপহরণ মামলার আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে স্বজনেরা। আসামীর স্বজনদের হামলায় টাঙ্গাইল সদর থানা এবং শ্রীপুর থানা পুলিশের কমপক্ষে ৬ সদস্যের অধিক আহত হয়েছেন।
রোববার (২ মার্চ) রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে।
হামলার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যের বিস্তারিত জানা যায়নি।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নিজমাওনা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মনিরুজ্জামান (৪৭)তার ভাই আসাদ(৩০) মনিরুজ্জামানের ছেলে আদিল (১৯)।
পুলিশ সূত্রে জানা যায় , টাঙ্গাইল সদর থানার একটি অপহরণ ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার করতে টাঙ্গাইল সদর থানার ৬ সদস্যের একটি টিম শ্রীপুরে আসেন। এসময় তারা শ্রীপুর থানা পুলিশের সহযোগিতা চায়।
পরবর্তীতে শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় টাঙ্গাইল সদর থানা পুলিশ নিজমাওনা গ্রামের আদিল ও তার বাবা মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে হাতে হাতকড়া পড়িয়ে পুলিশের গাড়িতে উঠানোর চেষ্টা করে।
এসময় তাদের স্বজনেরা ভুয়া পুলিশ ও ডাকাত আসছে বলে ডাক চিৎকার দেয়। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে রাস্তা অবরোধ করে পুলিশের উপর হামলা চালিয়ে মারধর শুরু করে হাতকড়া সহ দুই আসামিকে ছিনিয়ে নেয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থল গিয়ে অভিযান পরিচালনা করে হাতকড়া সহ পালিয়ে যাওয়া দুজনকে ফের গ্রেপ্তার করে। তাৎক্ষণিকভাবে ৬জন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় জড়িত দুই নারীকেও আটক করা হয়েছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল মোঃ মেরাজুল ইসলাম জানান, আসামী গ্রেপ্তারে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কম বেশি অনেক সদস্যই আহত হয়েছেন। এখন পর্যন্ত ৬পুলিশ সদস্য চিকিৎসা নিয়েছেন। আহতর সংখ্যা আরো বাড়তে পারে।