তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে অধিক মূল্যে এলপিজি গ্যাস বিক্রির অপরাধে খলাপড়া গ্রামের জয়নাল আবেদীন এর ছেলে মোঃ খোরশেদ আলম (৪৮) কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার বাশাইর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার লিমা পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার লিমা বলেন, বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার বাশাইর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ব্যবসায়ী খোরশেদ আলমকে বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।