প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১২:০১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
শ্রীপুরে মাদ্রাসাছাত্রীকে দুই দফা অপহরণ, উদ্ধার করেছে পুলিশ মূল আসামী পলাতক

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী (১৬) কে অপহরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অপহৃত ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ এবং ৭ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত এখনও পলাতক রয়েছে। ও-ই শিক্ষার্থী মাওনা তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও ওই শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা যায়, গত (১৪ এপ্রিল) সকাল আনুমানিক ৮টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে শ্রীপুর পৌরসভার মাওনা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে অপহরণের শিকার হন। এ ঘটনায় স্থানীয় সুরুজ মিয়ার ছেলে মোঃ আবিদ (২১) নামের এক যুবকসহ কয়েকজন তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।
পরবর্তীতে অপহরণকারীর পরিবারের ওপর চাপ সৃষ্টি করলে ১৫ এপ্রিল সকাল ১০টার দিকে ও-ই মেয়েকে তার বাবার বাড়িতে ফিরিয়ে আনা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিস বৈঠক বসে। কিন্তু কোনো সমাধান না হওয়ায় বেলা ১১টার দিকে পুনরায় ঘরের দরজা ভেঙে পরিবারের লোকজনকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে শিক্ষার্থীকে জোরপূর্বক অপহরণ করা হয়।
এ ঘটনায় শিক্ষার্থীর পিতার অভিযোগের ভিত্তিতে ১৬ এপ্রিল শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলায় প্রধান অভিযুক্ত মোঃ আবিদসহ ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামী করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ লাল চাঁন মিয়া জানান, পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা সংস্থা ও শ্রীপুর থানা পুলিশের যৌথ অভিযানে এ পর্যন্ত ৭ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, শনিবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে শ্রীপুর উপজেলার নয়নপুর এমসি বাজার এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। তবে এ সময় মূল অভিযুক্ত মোঃ আবিদসহ অন্যরা পালিয়ে যায়।
উদ্ধারকৃত শিক্ষার্থীকে মেডিকেল পরীক্ষা, বয়স নির্ধারণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। পলাতক মূল আসামীসহ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Copyright © 2026 প্রতিদিনের কন্ঠ. All rights reserved.