আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের আয়োজিত মানববন্ধনে সরকারি হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের অংশগ্রহণ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সরকারের একটি বিশেষ সিদ্ধান্তের বিরুদ্ধে আয়োজিত ওই কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক চিকিৎসক ও কর্মচারী উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার(১১ মে) দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। সম্প্রতি সরকারের জারি করা সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে দুইদিন,সোমবার ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকদের অফিস কক্ষে সাক্ষাৎ করতে পারবেন। এ সিদ্ধান্তের প্রতিবাদে তারা এ কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. বিজয় মালাকার, চিকিৎসক ডা. মোহাম্মদ ফজলুল হক সুমন, স্বাস্থ্য সহকারী আরিফ রব্বানী, উপজেলা ফুড ইন্সপেক্টর রফিকুল ইসলাম ও টিকাদানকারী মাজহারুল ইসলাম সোহাগসহ হাসপাতালের কয়েকজন কর্মচারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা মানববন্ধনে যোগ দেন। এ সময় ডা. বিজয় মালাকার ও ডা. ফজলুল হক সুমন বক্তব্যও দেন।
সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আয়োজিত কর্মসূচিতে সরকারি হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের উপস্থিতি নিয়ে স্থানীয় মহলে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে সরকারি চাকরিজীবীদের এমন কর্মসূচিতে অংশগ্রহণ বিধিসম্মত কি না, তা নিয়ে আলোচনা চলছে।
তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম মানববন্ধনে অংশ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে ফেরার পথে ঘটনাস্থলে সামনে পড়েছিলাম। সেখানে দাড়ালেও আমি কোন বক্তব্য দেইনি। একই সঙ্গে অন্য চিকিৎসকদের বক্তব্য দেওয়ার বিষয়টি খতিয়ে দেখে সিভিল সার্জনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, বিষয়টি অবগত হয়েছি। খোঁজ-খবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।