আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় অনুমোদনহীনভাবে স্থাপনা নির্মাণের অভিযোগে এক ব্যক্তিকে লিখিত নোটিশ দিয়েছে শ্রীপুর পৌরসভা।
পৌর কর্তৃপক্ষের দাবি, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই স্থাপনা নির্মাণ এবং অনুমোদিত নকশা বহির্ভূত কাজের অভিযোগের ভিত্তিতে এ নোটিশ প্রদান করা হয়েছে।
পৌরসভা সূত্রে জানা যায়, শ্রীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উজিলাব পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. আমজাদ হোসেনের বিরুদ্ধে পৌরসভার অনুমোদন ব্যতিরেকে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর গত ২ জুন পৌরসভার পক্ষ থেকে তাকে একটি লিখিত নোটিশ দেওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়, পৌরসভার অনুমোদন গ্রহণ না করে কিংবা নির্ধারিত সেটব্যাক বজায় না রেখে আবাসিক বা বাণিজ্যিক স্থাপনা এবং সীমানা প্রাচীর নির্মাণকাজ চলমান রয়েছে বলে প্রতীয়মান হয়েছে। একই সঙ্গে অনুমোদিত নকশার ধরন পরিবর্তনের অভিযোগও উত্থাপিত হয়েছে।
নোটিশে সাত কর্মদিবসের মধ্যে অনুমোদনপত্র, অনুমোদিত নকশা এবং সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্রসহ শ্রীপুর পৌরসভার নগর পরিকল্পনা শাখায় উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পৌর আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে। নোটিশে স্বাক্ষর করেন শ্রীপুর পৌর প্রশাসক নাহিদ ভূঞা।
এ বিষয়ে টাউন প্ল্যানার সাইফুল ইসলাম বলেন, পৌর এলাকার পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে সব ধরনের স্থাপনা নির্মাণের ক্ষেত্রে আইন ও বিধিমালা অনুসরণ করা বাধ্যতামূলক। কোনো ব্যক্তি অনুমোদন ছাড়া স্থাপনা নির্মাণ করলে বা অনুমোদিত নকশা অমান্য করলে পৌরসভা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। নোটিশের জবাবে সংশ্লিষ্ট ব্যক্তি প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে তা যাচাই-বাছাই করা হবে।
অভিযুক্ত মো. আমজাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি পৌরসভার নোটিশ পেয়েছি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করছি। নির্ধারিত সময়ের মধ্যে পৌরসভায় উপস্থিত হয়ে আমার অবস্থান তুলে ধরব। আমি আইন মেনেই সবকিছু করতে চাই।