শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের মাটিয়াগাড়া গ্রামের বাসিন্দা মোস্তাফির খান দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছেন। আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় বহন করতে না পারায় তিনি মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে তাঁর চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
শুক্রবার (৫ জুন) শ্রীপুর উপজেলার মাটিয়াগাড়া এলাকায় মোস্তাফির খানের বাড়িতে গিয়ে সংগঠনের নেতারা তাঁর খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য প্রাথমিক পর্যায়ে আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।
এ সময় শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ অসহায় রোগীর হাতে নগদ অর্থ তুলে দেন।
সহায়তা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আফজাল হোসাইন খান, শ্রীপুর পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আবুল হোসাইন, গোসিংগা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান, সেক্রেটারি অধ্যক্ষ আমিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান বলেন, মানবিকতা মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ। অন্যের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসা প্রত্যেক সচেতন ও বিবেকবান মানুষের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবিক মূল্যবোধ ও কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আর্তপীড়িত ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে বৈষম্যহীন সমাজ গঠনের যে প্রচেষ্টা চলছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয়রা অসহায় রোগীর চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার জন্য সংগঠনের নেতৃবৃন্দের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন।