
শনিবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে চান্দনা চৌরাস্তা ট্রাফিক পুলিশ বক্সের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।
আহত হোসাইন আলী বাবু বেসরকারি টেলিভিশন স্টার নিউজের গাজীপুর প্রতিনিধি। তিনি পরিবারসহ গাজীপুরে বসবাস করেন। তার বাড়ি শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে।
পুলিশ জানায়, আটক যুবকের নাম জুয়েল (২৮)। তার বাড়ি নরসিংদীর বেলাব উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে ভবঘুরের মতো চান্দনা চৌরাস্তা এলাকায় ঘোরাফেরা করতেন বলে জানা গেছে।
আহত সাংবাদিক হোসাইন আলী বাবু জানান, সকালে অফিসের অ্যাসাইনমেন্ট শেষে তিনি ট্রাফিক পুলিশ বক্সে বসে ভিডিও ফুটেজ সম্পাদনার কাজ করছিলেন। এ সময় জুয়েল নামের ওই যুবক তার কাছে এসে নাম-পরিচয় জানতে চায়। তিনি কাজে ব্যস্ত থাকার কথা জানালে যুবকটি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে তাকে উদ্দেশ্য করে বলে, তুই আমার বিরুদ্ধে নিউজ করলি কেন?
বাবু জানান, তিনি বিষয়টি অস্বীকার করলে যুবকটি আরও উত্তেজিত হয়ে ওঠে। পরে হঠাৎ করেই পুলিশ বক্সের ভেতরে ঢুকে তাকে এলোপাতাড়িভাবে মারধর শুরু করে। এ সময় তিনি মাথায় আঘাত পান।
ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য তাজ উদ্দিন দ্রুত এগিয়ে এসে সাংবাদিককে উদ্ধার করেন। তিনি বলেন, হঠাৎ পুলিশ বক্সের ভেতর থেকে চিৎকার ও শব্দ শুনে দৌড়ে যাই। গিয়ে দেখি এক যুবক সাংবাদিক বাবু ভাইকে মারধর করছে। আমি বাধা দিতে গেলে আমিও আঘাত পাই। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে রক্ষা করি।
ঘটনার পর গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ বলেন, অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এলোমেলো কথা বলছে। তার দাবি, তার বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রকাশ করা হয়েছে। তবে সাংবাদিক ও অভিযুক্ত কেউ কাউকে আগে থেকে চিনতেন না এবং তার বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশের তথ্যও পাওয়া যায়নি।
তিনি আরও জানান, আটক যুবক শারীরিকভাবে দুর্বল এবং মানসিকভাবেও ভারসাম্যহীন হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।