প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ৩:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৯, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কালীগঞ্জে কর্মশালা

মঙ্গলবার (৯ জুন) সকাল থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প। প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগের অধীনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন, কালীগঞ্জের ব্যবস্থাপনায় বাস্তবায়িত হচ্ছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলাম।
গ্রাম আদালত কালীগঞ্জ উপজেলা শাখার সমন্বয়কারী রুবি আক্তার পরিচালনায় এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, উন্নয়নকর্মী এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানো গেলে আদালতের ওপর চাপ কমবে এবং গ্রামীণ পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করা সহজ হবে।
বক্তারা আরও বলেন, “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনগণকে আরও বেশি অবহিত করতে হবে। এজন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধি এবং জনসচেতনতা সম্প্রসারণে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
Copyright © 2026 Protidiner Kontho. All rights reserved.