প্রিন্ট এর তারিখঃ জুন ১৫, ২০২৬, ১০:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ
শ্রীপুরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আশরাফুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নতুন প্রজন্মের মধ্যে সবুজায়নের গুরুত্ব তুলে ধরতে গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮৪ নম্বর কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীপুর পৌর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়, যাতে তারা নিজ নিজ বাড়িতে বৃক্ষরোপণ করে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শ্রীপুর পৌরসভার মেয়র প্রার্থী ড. মো. হারুন অর রশিদ।
এছাড়া উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন, পৌরসভার অফিস ও বায়তুল মাল সম্পাদক মাছউদ্দিন হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীপুর পৌর যুব বিভাগের সেক্রেটারি আক্তারুজ্জামান মোল্লার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশ রক্ষা, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেন সরবরাহই করে না, এটি খাদ্য, ছায়া ও অর্থনৈতিক সমৃদ্ধিরও গুরুত্বপূর্ণ উৎস।
বক্তারা আরও বলেন, বর্তমান প্রজন্মকে পরিবেশ সচেতন হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ সৃষ্টি করতে হবে, যাতে তারা ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালন করতে পারে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, তাদের দায়িত্বশীল ও পরিবেশবান্ধব নাগরিক হিসেবেও গড়ে তুলতে হবে। এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরাও গাছের চারা পেয়ে আনন্দ প্রকাশ করে এবং নিজ নিজ বাড়িতে চারা রোপণ ও পরিচর্যার অঙ্গীকার করে।
অনুষ্ঠান আগে বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফলজ বৃক্ষের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে।
Copyright © 2026 Protidiner Kontho. All rights reserved.