ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় ৪০ লিটার দেশীয় চোলাই মদসহ মো. বাবুল শেখ (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া বাবুল শেখ উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ধামশুর পশ্চিমপাড়া এলাকার মুনসুর আলীর ছেলে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে উপজেলার হাজির বাজার মসজিদ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, হাজির বাজার মসজিদ মার্কেট এলাকায় মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় বাবুল শেখকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইদুর নামে অপর এক মাদক কারবারি পালিয়ে যায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার (১৯ জুন) গ্রেপ্তারকৃত বাবুল শেখকে আদালতে পাঠানো হয়েছে।
ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, উদ্ধার হওয়া চোলাই মদ জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত বাবুল শেখের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।