আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ।
শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে বুধবার (৮ জুলাই) বিকেল উপজেলার বহেরারচালা এলাকার একটি কার্টন ফ্যাক্টরির পাশে আব্দুল করিমের দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় মো. সুমন মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সুমন মিয়ার বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলায়। তিনি বর্তমানে শ্রীপুর উপজেলার বহেরারচালা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
একই অভিযানের ধারাবাহিকতায় রাত ১১টা উপজেলার ভাংনাহাটি এলাকার একটি ঢালাই পাকা সড়ক থেকে মো. চান মিয়া (৩৮) নামে আরও এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
চান মিয়ার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। তিনি শ্রীপুরের ভাংনাহাটি এলাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধেও একই আইনে শ্রীপুর মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানায়, গ্রেপ্তার দুই আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।