শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আনন্দ টিভি।
প্রধানমন্ত্রীর পরিবেশবান্ধব এই উদ্যোগে সংহতি প্রকাশ এবং আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাসের জন্মদিন উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে মঙ্গলবার(১৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
আনন্দ টিভির শ্রীপুর প্রতিনিধি জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালকের জন্মদিনকে স্মরণীয় করে রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
আয়োজকরা বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সবাইকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করার আহ্বান জানান তারা।