ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় স্বামীর বিরুদ্ধে মাদক বিক্রি ও সেবন, স্ত্রী-সন্তানদের মারধর এবং মাদক ব্যবসায় সহযোগিতা করতে বাধ্য করার অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ করেছেন এক গৃহবধূ। একই সঙ্গে অভিযুক্তকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দিলেও সময়মতো পুলিশ না আসায় তিনি পালিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।
ঘটনাটি উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের আখালিয়া হাজীর বাজার এলাকায়।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম রবুর (৪৫) স্ত্রী হনুফা (৪২) অভিযোগ করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি ও তার এক মেয়ে স্থানীয় একটি কারখানায় চাকরি করে সংসার চালান। তাদের ছেলে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।
অভিযোগে বলা হয়, রফিকুল ইসলাম রবু পরিবারের সদস্যদের আপত্তি উপেক্ষা করে নিয়মিত মাদক সেবন ও বিক্রি করে আসছেন। এমনকি স্ত্রী ও মেয়েকে মাদক ব্যবসায় সহযোগিতা করার জন্য চাপ দেন। এতে রাজি না হলে তাদের মারধর, খুন-জখম এবং বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৪ জুলাই বিকেলে রবু ৩-৪ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বাড়িতে এনে মাদক সেবনের আয়োজন করেন। এ সময় বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে তার মেয়ে শভাকে মারধর করেন। পরে এ ঘটনায় হনুফা ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
হনুফা বলেন, স্বামীর মাদক ব্যবসা ও নির্যাতনে আমরা অতিষ্ঠ। তিনি আমাদেরও মাদক বিক্রিতে সহযোগিতা করতে বাধ্য করেন। নিরাপত্তা ও ন্যায়বিচারের আশায় থানায় অভিযোগ করেছি।
এদিকে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়রা অভিযুক্ত রফিকুল ইসলাম রবুকে তার বাড়িতে আটক করে থানায় খবর দেন। তবে অভিযোগ রয়েছে, পুলিশ সময়মতো ঘটনাস্থলে না পৌঁছানোয় প্রায় দেড় ঘণ্টা পর তিনি কৌশলে পালিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, থানায় অভিযোগ করার কারণে অভিযুক্ত যে কোনো সময় তার স্ত্রী ও সন্তানদের ওপর হামলা চালাতে পারেন। তাই দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করেও অভিযুক্ত রফিকুল ইসলাম রবুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।