ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় ফেসবুকে বিদায়ী পোস্ট দেওয়ার একদিন পর সাব্বির আহমেদ (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
নিহত সাব্বির উপজেলার বাঁশিল গ্রামের সুলতান আহমেদের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছর আগে তাঁর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি খালার কাছেই লালিত-পালিত হয়ে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল প্রায় ৯টার দিকে উপজেলার বিত্তাগুন খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, বৃহস্পতিবার সাব্বির তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি বিদায়ী বার্তা পোস্ট করেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন সকালে তাঁর মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইমন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।