শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম। প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করে এবং মায়ের মাথায় হাত রেখে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকার শপথ নেন তিনি।
সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক কর্মী ও উৎসুক মানুষের ভিড় জমে। ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
মাহাবুব আলম সাংবাদিকদের বলেন, ২০০৬ সাল থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দলের দুঃসময়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডেও ভূমিকা রেখেছেন। তবে শেষ পর্যন্ত নিজ দলের কিছু নেতাকর্মীর কারণেই তাকে নানা ধরনের হয়রানির শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি।
তার অভিযোগ, রাজনৈতিক বিরোধের জেরে তার বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা করা হয়। এসব মামলায় তাকে কারাভোগও করতে হয়েছে। কারামুক্তির পর দলের কিছু নেতাকর্মীর অনিয়ম ও দুর্নীতির সমালোচনা করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয় বলেও দাবি করেন তিনি।
মাহাবুব আলম বলেন, রাজনৈতিক জীবনের তিক্ত অভিজ্ঞতার কারণে আমি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আর সম্পৃক্ত হব না। এজন্য মায়ের মাথায় হাত রেখে শপথ করেছি।
এ বিষয়ে বিএনপি বা যুবদলের সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।