আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ড্রাগসকে না বলো, জীবনকে হ্যাঁ বলো, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নাইন্দা সাংগুন ভেকু মার্কেট এলাকায় মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন তারুণ্যের ঐক্য ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, তরুণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এর আগে সংগঠনটির উদ্যোগে টানা দুই দিন শব্দযন্ত্র (মাইক) ব্যবহার করে এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকের ভয়াবহতা তুলে ধরে সমাজ থেকে মাদকের বিস্তার রোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার এবং পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও বিভিন্ন সৃষ্টিশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিকল্প নেই। তারা পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় প্রশাসনকে মাদক প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
তারুণ্যের ঐক্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মারুফ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাওরাইদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আফবাব উদ্দিন আতা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন মণ্ডল, আহ্বায়ক সদস্য মোবাশ্বেরিন জুয়েল, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জসিমউদ্দীন মীর দাদন এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পারভীন আক্তার নিশি।
এ ছাড়া উপস্থিত ছিলেন তারুণ্যের ঐক্য ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. আরিফ আল-মাহমুদ, সাধারণ সম্পাদক মো. আশিক হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মিয়া, কোষাধ্যক্ষ মো. সেলিম আহমেদ, ক্রীড়া সম্পাদক মো. কাওছার আহমেদ, ধর্মবিষয়ক সম্পাদক মো. ছাদেক মিয়া, প্রচার সম্পাদক মো. জহিরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।