কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: মাংস বিক্রিতে আইন ও বিধি না মানার অভিযোগে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দোলান বাজারে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজারে এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
অভিযানকালে মাংস বিক্রির ক্ষেত্রে আইনগত অনিয়মের অভিযোগে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪ ধারায় পৃথক দুটি মামলা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। তবে এ ঘটনায় কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি।
জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন দোলান বাজার এলাকার ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ইকবাল সরকার (৩০) এবং আমির উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম (৪৪)।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন মাহবুবুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল-আমিন হালদার বলেন, মাংস বিক্রির ক্ষেত্রে আইন মেনে চলার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ ও মানসম্মত মাংস নিশ্চিত করতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।