প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন এমপি বাচ্চু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু নিজ হাতে ময়লা-আবর্জনা পরিষ্কার করে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া, পৌর প্রশাসক, উপজেলা বিএনপির নেতাকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, উপজেলার প্রতিটি স্থান নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে মশার উৎপত্তি অনেকাংশে কমে যাবে। এতে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রকোপ থেকে মানুষকে রক্ষা করা সম্ভব হবে।
তিনি বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে নয়, ডেঙ্গু প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। অফিস-আদালত, কলকারখানা, গোডাউন, বাড়ির আঙিনা ও ছাদ, ফুলের টব, ঝোপঝাড় এবং পরিত্যক্ত প্লাস্টিক ও পলিথিনসহ যেসব স্থানে পানি জমে থাকে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
বর্ষার শেষ সময়ে বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করে। এসব স্থানে মশার উৎপত্তি রোধ করতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
সংসদ সদস্য আরও বলেন, উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষকে পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে পরিবেশ দূষণ কমার পাশাপাশি বিভিন্ন রোগের প্রকোপও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরসহ আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন অফিস, বাসাবাড়ি, কলকারখানা, হাট-বাজার ও পরিত্যক্ত স্থানে মশার বংশবিস্তার রোধে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মোসলেহ উদ্দিন মীরধা, হুমায়ুন কবির, এমপি মহোদয়ের ব্যক্তিগত সহকারী নাঈম হাসান সেলিম বন্দুকসী , বিএনপি নেতা স্বপন, রাকিব ইসলাম রকিবসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ।
Copyright © 2026 Protidiner Kontho. All rights reserved.