ময়মনসিংহ জেলা প্রতিনিধি:ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) নতুন ভবনের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন বলেন, সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে বাকৃবি ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকে দ্রুত ভবন থেকে নিচে নামার চেষ্টা করলে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় কয়েকজন পড়ে গিয়ে আঘাত পেয়েছেন বলে জানা গেছে।
তবে অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, প্রাথমিকভাবে হাসপাতালের লিফটের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং চিকিৎসাসেবা কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে।
তিনি আরও বলেন, আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে।