বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিসিডিবি ক্লাইমেট সেন্টারে র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষের চারা বিতরণ
Reporter Name
/ ২৭
Time View
Update :
সোমবার, ৮ জুন, ২০২৬
Share
আশরাফুল ইসলাম শ্রীপুর গাজীপুর প্রতিনিধি : প্রকৃতি থেকে অনুপ্রাণিত। জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন্য। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস- উদযাপন উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে নানা কর্মসূচির আয়োজন করেছে খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)।
সোমবার (৮ জুন) সকাল ১০টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ এলাকায় অবস্থিত সিসিডিবি ক্লাইমেট সেন্টার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সিসিডিবি ক্লাইমেট সেন্টারের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্র প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, পরিবেশকর্মী এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
পরে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এখানে শিশু পল্লী প্লাস,১৪ নং পেলাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৫৬ নং পেলাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার মূল বিষয় ছিল পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সবুজ পৃথিবী গড়ে তোলার বার্তা। অংশগ্রহণকারীরা তাদের সৃজনশীলতার মাধ্যমে প্রকৃতি ও পরিবেশ রক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন।
এছাড়া অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা উপস্থিত সবার মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন এবং প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি, বন্যা, খরা ও নদীভাঙনের মতো সমস্যার প্রভাব দিন দিন বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবেশবান্ধব জীবনযাপন, বৃক্ষরোপণ এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানটি বাস্তবায়ন করে খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)। এবং অর্থায়ন করে Bread for the World, জার্মানি।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
১৪ নং উত্তর পেলাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান ফরহাদ বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় শিশুদের ছোটবেলা থেকেই সচেতন করে তুলতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ছবি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শ্রীপুরের সিসিডিবি ক্লাইমেট সেন্টারে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিরা।