শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্ভাবিত উচ্চফলনশীল ও সুগন্ধিযুক্ত আমন ধানের জাত ‘বিনা ধান-২৮’-এর সম্প্রসারণের লক্ষ্যে নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

২৮ নভেম্বর শনিবার উপজেলার বিধাই গ্রামের কৃষক মো. আলী আজমের জমিতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) গাজীপুর আঞ্চলিক গবেষণা কেন্দ্রের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনার গাজীপুর আঞ্চলিক গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আসাদ উল্লাহ এবং সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা আমেনা বেগম। এ ছাড়া স্থানীয় কৃষক-কৃষাণিরা অনুষ্ঠানে অংশ নেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিনা ধান-২৮ একটি উচ্চফলনশীল, স্বল্প জীবনকালীন ও সুগন্ধিযুক্ত আমন ধানের জাত। সুগন্ধ ও স্বাদের কারণে এ ধানকে ‘গরিবের পোলাও’ বলা হয়। এ জাতের জীবনকাল প্রায় ১২০ থেকে ১২৫ দিন। গাছ ঝড়ো হাওয়ায় সহজে হেলে পড়ে না এবং ব্লাস্ট রোগ প্রতিরোধী। এ ধানের চাল মাঝারি চিকন। রান্নার পর ভাত ঝরঝরে ও সুস্বাদু হয়। প্রতিকূল পরিবেশেও হেক্টরপ্রতি গড়ে ৬ থেকে সাড়ে ৬ টন ফলন পাওয়া যায়, যা বিঘাপ্রতি প্রায় ২২ থেকে ২৪ মণ।

মাঠ দিবসে অংশ নেওয়া কৃষকেরা জানান, অন্যান্য আমন ধানের তুলনায় বিনা ধান-২৮-এর জীবনকাল কম হওয়ায় ধান কাটার পর একই জমিতে রবি মৌসুমে সরিষা চাষ করা সম্ভব। এরপর বোরো ধান চাষের সুযোগও রয়েছে। ফলে প্রচলিত দুই ফসলি জমিতে বছরে তিনটি ফসল উৎপাদন করে বাড়তি আয় করা সম্ভব হবে।
কৃষকেরা আরও জানান, স্বল্প সময়ে অধিক ফলন এবং বাজারে ভালো দাম পাওয়া গেলে আগামীতে তাঁরা এ জাতের ধান চাষে আরও আগ্রহী হবেন। এতে উৎপাদন খরচ তুলনামূলক কমিয়ে অল্প সময়ে ঘরে ফসল তোলা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।