শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় অভিযান চালিয়ে ১০৭ বোতল অবৈধ বিদেশি মদসহ সুজন মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা (মধ্যপাড়া) গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুজন মিয়া ওই গ্রামের বাসিন্দা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা টেংরা মধ্যপাড়া এলাকায় কবির হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করেন। র্যাবের উপস্থিতি টের পেয়ে সুজন মিয়া পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির স্টোররুমে তল্লাশি চালিয়ে ৯টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১০৭ বোতল অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে র্যাব সদস্যরা তাকে শ্রীপুর থানায় সোপর্দ করেন। শনিবার (২৩ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, সুজন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার কর্মকাণ্ডে এলাকার যুবসমাজের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছিল। অবশেষে তার গ্রেপ্তারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।