শ্রীপুর গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুর উপজেলায় পাঁচটি গ্রামীণ সড়কের উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে এসব সড়কের উন্নয়নকাজে ব্যয় হবে প্রায় ৬ কোটি ১৩ লাখ টাকা।
রোববার সকালে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু প্রকল্প এলাকাগুলো পরিদর্শন শেষে উন্নয়নকাজের উদ্বোধন করেন।
এলজিইডি সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার পাঁচটি গ্রামীণ সড়কের মোট ৪ দশমিক ৪২ কিলোমিটার উন্নয়ন করা হবে। প্রকল্পগুলোর মোট প্রাক্কলিত ব্যয় ৬ কোটি ১৩ লাখ ৪৯ হাজার ৯ টাকা।
উন্নয়নকাজের আওতায় রয়েছে মার্তা বাজার–মার্তা খাল সড়ক, প্রহলাদপুর–পোতাবাড়ী সড়ক, প্রহলাদপুর হাইস্কুল–ভিটিপাড়া সড়ক, দিঘীরচালা–চিনাশুকানিয়া সড়ক এবং ভিটিপাড়া–জয়নারায়নপুর সড়ক।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নত হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। তিনি বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ধারাবাহিকভাবে কাজ করছে।
অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ডা. শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির আজাদ, যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, শ্রীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস. এম. মাহফুল হাসান হান্নানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।