কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে স্থানীয় বাসিন্দারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে অবরোধের খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, মৌচাক স্ট্যান্ড এলাকায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপার করেন। ব্যস্ত এ মহাসড়ক পার হতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় পথচারীদের। এলাকাটিতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। গত বৃহস্পতিবারও মৌচাক স্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হন।
এরই ধারাবাহিকতায় নিরাপদ পারাপার নিশ্চিত করতে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে শুক্রবার মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এর আগে একই দাবিতে মৌচাক স্কাউট স্কুলের শিক্ষার্থীরাও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন বলে স্থানীয়রা জানান।
স্থানীয় বাসিন্দা মনির ইসলাম বলেন, মৌচাক স্ট্যান্ড দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। মহাসড়ক পারাপারের সময় সবসময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। দীর্ঘদিন ধরে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আমরা সড়কে অবস্থান নিয়েছি।
মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ বলেন, ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিটি স্থানীয়দের দীর্ঘদিনের। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
গাজীপুর কোনাবাড়ী হাইওয়ে পুলিশের ওসি জাফর আলী খান বলেন, ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে স্থানীয়রা মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। এতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।