আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে নূর জাহান নামে এক নারীকে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
এ সময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্বামী শাহাব উদ্দিনকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া নূর জাহানের গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপ্তা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত নূর জাহানের স্বামী মো. শাহাব উদ্দিন শুক্রবার শ্রীপুর মডেল থানায় সাবিনা (৩৭), রমিজা খাতুন (৪৯)সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে শাহাব উদ্দিন ও তার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার সকালে অভিযুক্তরা দা, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির পাশের জমিতে গিয়ে নূর জাহানের ওপর হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় নূর জাহানকে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। স্ত্রীকে রক্ষা করতে শাহাব উদ্দিন এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় বলে অভিযোগে দাবি করা হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত নূর জাহানকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার জখমে সেলাই ও ব্যান্ডেজ করেন এবং হাসপাতালে ভর্তি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ঘটনাটি নিয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে অভিযুক্ত সাবিনা ও রমিজা খাতুনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।