কাপাসিয়া (গাজীপুর )প্রতিনিধি:গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
এ ঘটনায় অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার সকালে ১০টার দিকে কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের বীরউজলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। বীরউজলী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ড্রাম ট্রাক ও সিএনজি সড়কের পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ ঘটনায় ছয়জনই সিএনজি যাত্রী বলে জানান স্থানীয় বাসিন্দারা।
কাপাসিয়া থানার টোক তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। থানার জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখছেন।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি চিকিৎসক সামিয়া হক বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় অন্তত পাচজনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।