ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে—শ্রীপুরে এমপি বাচ্চু
Reporter Name
/ ৩৫
Time View
Update :
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
Share
আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর): ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের চেষ্টা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
তিনি বলেছেন, বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের আর কোনো জায়গা হবে না। কোথাও সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়ন বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিকেলে উপজেলার তেলিহাটি চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। লোহাই বাজার ও আব্দুল আউয়াল কলেজ রোড হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে জৈনাবাজার বাসস্ট্যান্ডের পূর্ব পাশে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তাঁর সহযোগীরা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। দেশের ভেতরে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে। কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া যাবে না। ফ্যাসিবাদের চিরস্থায়ী অবসান ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জুলাই-আগস্টের আন্দোলনে হতাহতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই আন্দোলনে ১ হাজার ৪০০ মানুষ নিহত, ২০ হাজার মানুষ পঙ্গুত্ববরণ এবং ৬০ শিশু হত্যার শিকার হয়েছে। মাদ্রাসার আলেম, শিক্ষার্থীসহ সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
বিএনপির নেতা-কর্মীদের ওপর বিগত সরকারের নির্যাতনের অভিযোগ তুলে সংসদ সদস্য বলেন, ১৭ বছরের শাসনামলে বিএনপির তিন হাজার নেতা-কর্মীকে হত্যা এবং ৭০০ জনকে গুম করা হয়েছে। এ সময়ে দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বক্তব্যে বিডিআর হত্যাকাণ্ড ও হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের হত্যার প্রসঙ্গও তুলে ধরেন।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, ফিরে আসার স্বপ্ন দেখলেও বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না। কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড বা অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করতে হবে। অপরাধীদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।
গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বাচ্চু বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। তাঁদের জীবনযাত্রার মান বিবেচনায় নিয়ে দ্রুত নতুন মজুরি কাঠামো ঘোষণা করা প্রয়োজন। মালিক, শ্রমিক ও সরকারের ঐকমত্যের ভিত্তিতে নির্ধারিত মজুরির প্রতি তাঁর সমর্থন থাকবে।
তবে শ্রমিকদের যৌক্তিক আন্দোলনকে পুঁজি করে কোনো অপশক্তি যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নুরুল আমিন আকন্দের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. শহীদুল্লাহ বন্ধুকশীর সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্যসচিব খাইরুল কবির মন্ডল আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মীরধা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোড়ল।
এ সময় শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুল হাসান হান্নানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।