টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নবম শ্রেণির শিক্ষার্থী মইন (১৪)-এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (২৭ জুন) বিকেল প্রায় ৪টার দিকে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়ন-এর যমুনা নদীর পূর্ব তীরের পাথারঘাট এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) দুপুর ১২টার দিকে বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামে মইন। একপর্যায়ে নদীর পানিতে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-কে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরদিন শনিবার বিকেলে ঘটনাস্থল থেকে আনুমানিক ১৪-১৫ হাত দূরে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করা হয়।
নিহত মইন টাঙ্গাইল সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
এদিকে খবর পেয়ে বাংলাদেশ নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হলেও আইনানুগ প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মইনের মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।