আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাত ৭টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামে রুহুল আমিন মোল্লার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ দিনাজপুর জেলার কাহারুল থানার খন্তা গ্রামের সূর্যকান্তের ছেলে। তিনি প্রায় ২০ দিন আগে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে শ্রীপুরে আসেন। পরে গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামের রুহুল আমিন মোল্লার বাড়িতে ভাড়া থেকে দৈনিক হাজিরা শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
নিহতের সহকর্মী প্রদীপ রায় জানান, বুধবার রাত ৭টার দিকে কাজ শেষে পলাশ গোসল করেন। পরে পরনের ভেজা লুঙ্গি ঘরের বাইরে বারান্দার টিনের চালে রাখতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তারা জানতে পারেন, টিনের চালের ওপর দিয়ে বিদ্যুতের তার ছিল।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।