কাপাসিয়া (গাজীপুর): প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান ও একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকারও বেশি মূল্যের মালামাল ভস্মীভূত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রবিবার ভোর পৌনে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভোরে মসজিদ মার্কেটে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ৮টি দোকান ও একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন কাপাসিয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হক। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করেন।
প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে শুকনো খাবারের পাশাপাশি ১০ কেজি চাল, ডাল, চিনি, তেল ও প্রয়োজনীয় মসলা দেওয়া হয়। এছাড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাঁচজন ব্যবসায়ীর পুনর্বাসনের জন্য ১০ বান্ডিল ঢেউটিন এবং নগদ ৩০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
ইউএনও হাফিজুল হক বলেন, “আকস্মিক এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। উপজেলা প্রশাসন শুরু থেকেই ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। আজ তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে সরকারি বরাদ্দ পাওয়া সাপেক্ষে আরও সহযোগিতা করা হবে।
পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক, উপজেলা পিআইও কার্যালয়ের কর্মকর্তারা, কাপাসিয়া বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।