নিজস্ব প্রতিবেদক : লোকসংগীতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শিল্পী গ্রেডেশনে ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত হয়েছেন গাজীপুরের রোজিনা আক্তার।
২৩ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ টেলিভিশনের সংগীত বিভাগের কন্ট্রোলার/প্রোগ্রাম ম্যানেজার ও গ্রেডেশন/পুনর্মূল্যায়ন কমিটির সদস্য-সচিব মোহাম্মদ মনিরুজ্জামান হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ টেলিভিশনের বিদ্যমান গ্রেডেশন/পুনর্মূল্যায়ন নীতিমালা অনুযায়ী বোর্ডের সুপারিশক্রমে রোজিনা আক্তারকে লোকসংগীত শিল্পী হিসেবে ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত করা হয়েছে।
বিটিভির পক্ষ থেকে রোজিনা আক্তারের সংগীত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সার্বিক সাফল্য কামনা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানমালাকে আরও মানসম্পন্ন ও সমৃদ্ধ করতে তার সৃজনশীল সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।
রোজিনা আক্তার গাজীপুরের জয়দেবপুর এলাকার বাসিন্দা। বিটিভির মতো রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠানের শিল্পী গ্রেডেশনে ‘ক’ শ্রেণিতে উন্নীত হওয়ায় তার সংগীতচর্চার স্বীকৃতি আরও দৃঢ় হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।