ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকায় জমি দখলের চেষ্টায় বাধা দেওয়াকে কেন্দ্র করে মা-মেয়েকে মারধর, শ্লীলতাহানি এবং মেয়ের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজিয়া খাতুন নামে এক নারী ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা এলাকায় রাজিয়া খাতুনের ভোগদখলীয় জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করেন মো. শামীম (২৫), ফখরুল (৩০) ও মার্জিয়া খাতুন (২০)।
এ সময় রাজিয়া খাতুন ও তার মেয়ে এতে বাধা দিলে অভিযুক্তরা তাদের মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে মা-মেয়ের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়। একপর্যায়ে তাদের পরনের পোশাক টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় রাজিয়া খাতুনের মেয়ের গলায় থাকা প্রায় এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। চেইনটির আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত মা-মেয়ে ভালুকা সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।
ভুক্তভোগী রাজিয়া খাতুন বলেন, তারা দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করে আসছেন। অভিযুক্তরা জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণের চেষ্টা করলে তারা বাধা দেন। এ সময় তাদের ওপর হামলা চালিয়ে মারধর ও শ্লীলতাহানি করা হয় এবং তার মেয়ের স্বর্ণের চেইন নিয়ে যাওয়া হয়েছে।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত মো. শামীম, ফখরুল ও মার্জিয়া খাতুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ না করায় তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।