আশরাফুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে গাজীপুরের শ্রীপুরে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীপুর পৌরসভা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচি আগামী ১০ অক্টোবর পর্যন্ত চলবে।
সোমবার (৫ অক্টোবর) বাদ আসর শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকা থেকে কর্মসূচি শুরু হয়। পরে বেড়াদেরচালা এলাকায় পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় পৌরবাসী কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পৌর এলাকার বিভিন্ন স্থানে অব্যবস্থাপনা রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় পৌরসভার উদাসীনতার কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে বলেও তিনি দাবি করেন।
ড. জাহাঙ্গীর আলম বলেন, বাসাবাড়িতে অযথা ময়লা-আবর্জনা জমিয়ে রেখে ডেঙ্গুর বিস্তার হতে দেওয়া যাবে না। ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সবাই সচেতন হলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খান, পৌরসভার সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, পৌর মেয়র প্রার্থী ড. হারুন অর রশিদ মোল্লা,শ্রীপুর পৌরসভার কর্মপরিষদের সভাপতি আব্দুল মান্নান, পৌরসভা সমাজকল্যাণ সেক্রেটারি আখতারুজ্জামান মোল্লা, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আবদুল আওয়াল, ও ৭ নম্বর ওয়ার্ড সেক্রেটারি সজীব হোসেন।
এ সময় জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।