রোববার (১১ অক্টোবর) শ্রীপুর পৌরসভার বেরাইদের চালা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে পৌরসভার বেরাইদের চালা, শিরিরচালা ও বহেরারচালা এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালানো হয়।
তিতাস গ্যাসের শ্রীপুর জোনাল বিক্রয় অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ আনোয়ারুল আজিম জানান, অভিযানের সময় বেরাইদের চালা এলাকায় সুমন ব্যাপারীর বাড়িতে অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহারের বিষয়টি শনাক্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিতাস গ্যাসের উপব্যবস্থাপক প্রকৌশলী শেখ জাবের নূরানীসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।