বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়। উত্তর চর শাহজালালে বসবাসরত ভূমিহীন পরিবারগুলোর উদ্যোগে এবং বাংলাদেশ কৃষক ফেডারেশনের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।
স্মারকলিপিতে তিনটি প্রধান দাবি জানানো হয়। দাবিগুলো হলো—দীর্ঘ ৩৪ বছর ধরে বসবাস ও ভোগদখলে থাকা প্রকৃত ভূমিহীন পরিবারগুলোর নামে খাসজমি বন্দোবস্ত দিয়ে স্থায়ী আবাসনের ব্যবস্থা করা, প্রভাবশালী চক্রের নামে করা কথিত ভুয়া ও বেআইনি বন্দোবস্ত বাতিল এবং জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
স্মারকলিপি দেওয়ার আগে শত শত ভূমিহীন নারী-পুরুষ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন। পরে উপজেলা পরিষদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভূমিহীন নেতা বারেক সর্দারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, বাংলাদেশ কিষাণী সভার কেন্দ্রীয় কমিটির সভানেত্রী ও দশমিনা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডা. সামসুন্নাহার খান ডলি, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক আবদুস সাত্তার হাওলাদার এবং সংগঠনটির প্রচার সম্পাদক ও পটুয়াখালী জেলা সাধারণ সম্পাদক কায়েস মাহমুদ।
এ ছাড়া সমাবেশে বক্তব্য দেন স্থানীয় নেতৃবৃন্দ নয়া মিয়া শিকদার, মাওলানা শহিদুল ইসলাম, ভূমিহীন নেতা ছোহরাব হোসেন, ছোহরাব বয়াতি, শহিদুল মেম্বার, রেজাউল করিম, জহিরুল খা ও কুলসুম বেগমসহ অনেকে।
স্মারকলিপি গ্রহণকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টিকে সংবেদনশীল ও জনগুরুত্বপূর্ণ উল্লেখ করে যথাযথ কর্তৃপক্ষের কাছে তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয় বলে আয়োজকেরা জানান।
সমাবেশে কৃষক ফেডারেশনের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে বসবাস করেও ভূমিহীন পরিবারগুলো স্থায়ীভাবে জমির অধিকার ও আবাসনের নিশ্চয়তা পাচ্ছে না। তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তাঁরা।