শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ-শ্যামল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে মাওনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার সকাল ৮টায় মাওনা ইউনিয়নের সলিং মোড়ে স্থানীয় কার্যালয়ের সামনে বকুল ফুলের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন মাওনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মো. আব্দুল মতিন, যুব বিভাগের সেক্রেটারি মো. ওমর ফারুক এবং মাওনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল বাতেন মোল্লা। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারি, স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্যই বৃদ্ধি করে না, মানুষের জীবন ও পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, শুধু দলীয় নেতাকর্মীদের নয়, পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকেও বেশি করে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে। একটি গাছ রোপণের পাশাপাশি সেটির যথাযথ পরিচর্যা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরে কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। স্থানীয় জামায়াত নেতাকর্মী ও উপস্থিত সাধারণ মানুষের মধ্যে এসব চারা বিতরণ করা হয়।