মোঃমাইনুল সিকদার, কালিয়াকৈর: গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে নবনির্মিত ‘প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্র’ (PSTC) উদ্বোধন এবং ‘প্রান্তিক শক্তি লিমিটেড’-কে রিক্রুটিং লাইসেন্স হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও রিক্রুটিং লাইসেন্স হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
এ সময় ‘প্রান্তিক স্কাই’ ডিজিটাল প্ল্যাটফর্ম, স্মার্ট ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেম এবং ‘প্রবাসী লোন’ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মন্ত্রী প্রশিক্ষণ কেন্দ্রের ৬ জি ওয়েল্ডিং কর্মশালা, ড্রাইভিং সিমুলেটর, সৌরবিদ্যুৎ প্রশিক্ষণ, ভ্রাম্যমাণ আইসিটি প্রশিক্ষণ বাস, জাপানি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র, ল্যাঙ্গুয়েজ ল্যাব এবং হসপিটালিটি ও কালিনারি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা ও সুযোগ-সুবিধার প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, আনসার-ভিডিপির ৬০ লাখ সদস্যের জীবনমান উন্নয়নে বৈদেশিক কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারে আস্থা অর্জনে প্রশিক্ষণ ও কমপ্লায়েন্স নিশ্চিত করা হবে।
প্রধান অতিথি বলেন, বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর সরকারের পরিকল্পনা বাস্তবায়নে আনসার-ভিডিপির প্রশিক্ষণ প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ অংশীদার হতে যাচ্ছে। রিক্রুটিং লাইসেন্স পাওয়ার মাধ্যমে বাহিনীর কার্যক্রম আরও প্রাতিষ্ঠানিক, গতিশীল ও কার্যকর হবে। একই সঙ্গে বৈধ প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করে দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট ও অতিরিক্ত মহাপরিচালক মোঃ সাইফুল্লাহ রাসেলসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।