ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে সাদ্দাম হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রবেন্দ্র ঋষি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। তিনি ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকায় কাশেমের বাসায় ভাড়া থেকে সেলুন ব্যবসা করতেন। অভিযুক্ত সাদ্দাম হোসেন একই এলাকার বাবুল মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী সূচিত্রার অভিযোগ, নেশার টাকা নেওয়া এবং সেলুনে চুল কাটিয়ে টাকা পরিশোধ না করাকে কেন্দ্র করে সাদ্দামের সঙ্গে তাঁর স্বামীর বিরোধ চলছিল। এর আগে সাদ্দাম তাঁর স্বামীকে হত্যার হুমকিও দিয়েছিলেন। এসব বিরোধের জের ধরে রবেন্দ্রকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় সেলুনে ঢুকে রবেন্দ্রকে ছুরিকাঘাত করেন সাদ্দাম। প্রাণ বাঁচাতে রবেন্দ্র সেখান থেকে দৌড়ে সাদ্দামের বাবার দোকানে আশ্রয় নেন। সেখানেও তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে পাশের একটি বাড়ির উঠানে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখানেও তাঁকে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।