শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: “প্রকৃতি থেকে অনুপ্রাণিত। জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন করা হয়েছে।
শনিবার (২০ জুন) উপজেলার তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচির আয়োজন করে যুব সংগঠন উত্তর পেলাইদ। কর্মসূচিটি বাস্তবায়নে ছিল যুব সংগঠন উত্তর পেলাইদ, সহযোগিতায় সিসিডিবি ক্লাইমেট সেন্টার, শ্রীপুর, গাজীপুর এবং অর্থায়নে ছিল ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড, জার্মানি।
“প্রোমোটিং ক্লাইমেট রেজিলিয়েন্ট কমিউনিটিস ইন বাংলাদেশ (পিসিআরসিবি-২)” প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। যুব সমাজকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, বায়ুদূষণ হ্রাস এবং মানুষের সুস্থ জীবন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো হয়।