শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বিভিন্ন এলাকায় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে বুধবার (১৫ জুলাই) ছয়টি মাঠে ফুটবল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও শ্রীপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খানের উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে এ ফুটবল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
উদ্যোগের আওতায় বরমী ইউনিয়নের বালিয়াপাড়া ফুটবল মাঠ, বিটিপাড়া স্কুল মাঠ, বরণল মাঠ, দরগারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, দুর্লভপুর মাঠ এবং বরামা তালতলা মাঠে খেলোয়াড় ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়।
ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও শ্রীপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান এবং শ্রীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বরমী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. আব্দুল মতিন, বরমী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো. আমিনুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মো. হুমায়ুন কবির, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি এবং স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়াচর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়া কার্যক্রমের প্রসারে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।