কাপাসিয়া গাজীপুর প্রতিনিধিঃগাজীপুরের কাপাসিয়ায় জমির ঘাস কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে নিলয় সরকার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় তাঁর চাচাতো ভাই রাসেল সরকার ও ইসমাইল সরকারের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে।
আজ শনিবার (২৯ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ পাবুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিলয় সরকার ওই এলাকার মনির সরকারের ছেলে।
নিহতের পরিবারের বরাতে কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ যুবায়ের জানান, জমির ঘাস কাটাকে কেন্দ্র করে নিলয় সরকারের সঙ্গে তাঁর চাচাতো ভাই রাসেল সরকার ও ইসমাইল সরকারের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে রাসেল সরকার দেশীয় অস্ত্র দিয়ে নিলয়কে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয় লোকজন নিলয়কে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী একজন জানান, নিলয় সরকার ও তার পরিবারের সঙ্গে তাঁর চাচাতো ভাই রাসেল সরকার ও ইসমাইল সরকারের দীর্ঘ দিন ধরে জমির বিরোধ রয়েছে। ওই সূত্র ধরে আজকে ঘাস কাটতে দুই পক্ষ জমিতে গেলে তর্কে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে মারামারি করে।
কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ যুবায়ের বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দেশীয় অস্ত্র দিয়ে নিলয়কে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিন্হ রয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।