শ্রীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন, ১০ দিন পর নিখোঁজ
Reporter Name
/ ২০
Time View
Update :
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
Share
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ১৪ বছর বয়সী এক কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় সাতজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তার মা মোছা. খাদিজা আক্তার। নিখোঁজ মেয়েকে উদ্ধার ও অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, কিশোরীর সঙ্গে স্থানীয় যুবক খাইরুল ইসলামের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আশ্বাস দিয়ে ওই যুবক তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তী সময়ে খাইরুল যোগাযোগ বন্ধ করে দিলে কিশোরী বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
খাইরুল ইসলাম উপজেলার নিজমাওনা এলাকার মালেকের ছেলে।
কিশোরীর মা খাদিজা আক্তারের অভিযোগ, গত ১৮ অক্টোবর রাতে তার মেয়ে খাইরুলের বাড়িতে গেলে পরিবারের সদস্যরা তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। এরপর প্রায় ১০ দিন মেয়েটি ওই বাড়িতেই ছিল বলে দাবি করেন তিনি। এ সময় মেয়েকে বাড়ি থেকে সরিয়ে দিতে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করেন খাদিজা।
তিনি আরও জানান, গত ২৬ অক্টোবর দুপুরে মেয়ের খোঁজ নিতে খাইরুলের বাড়িতে গেলে অভিযুক্তরা তাদের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেন। এ সময় মেয়েটি ওই বাড়িতে নেই বলে জানানো হয়।
খাদিজা আক্তার বলেন, আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। আমার আশঙ্কা, তাকে হত্যা করে মরদেহ গুম করা হয়ে থাকতে পারে। মেয়েকে উদ্ধার এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে। নিখোঁজ কিশোরীকে উদ্ধারের চেষ্টা চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।