ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ইস্তারঘাট এলাকায় অবস্থিত ধানকুঁড়া রিসোর্টে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড চলার অভিযোগ তুলে রিসোর্টটি স্থায়ীভাবে বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে ইস্তারঘাট বাজারে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকেরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইস্তারঘাট এলাকার ধানকুঁড়া রিসোর্টকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র মাদক, জুয়া ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এসব কর্মকাণ্ডের কারণে এলাকার পরিবেশ ও সামাজিক শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং এলাকার সামাজিক পরিবেশ ও নৈতিকতা বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করা জরুরি। তাঁরা রিসোর্টটিতে কথিত অবৈধ কার্যক্রম বন্ধের পাশাপাশি এটি স্থায়ীভাবে সিলগালা করার জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন থেকে এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে রিসোর্টটির অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা না হলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে বক্তব্য দেন অ্যাডভোকেট মোহাম্মদ অন্তর, সেলিম আকন্দ, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা সফিউদ্দিন, মাহবুব আলম ও হৃদয় তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।