আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক চৌক্কার খাল পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের শীর্ষ নেতৃত্ব। দীর্ঘদিনের অবহেলা ও নাব্যতা সংকটে হয়ে পmড়া খালটি পুনরুজ্জীবনে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রীরা।
সোমবার (২ মার্চ) দুপুরে সরেজমিনে খালটি পরিদর্শন করেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এমপি ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। পরিদর্শন শেষে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানান, একসময় চৌক্কার খাল আশপাশের কৃষিজমির প্রধান সেচনির্ভর উৎস ছিল। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত খালটি। কিন্তু দখল, ভরাট ও রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে এটি নাব্যতা হারিয়ে প্রায় অচল হয়ে পড়েছে। খালটি পুনঃখনন ও সংস্কার করা হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা সমস্যার সমাধান সম্ভব বলে মনে করছেন তারা।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, চৌক্কার খাল শুধু একটি জলাধার নয়,এটি একটি ইতিহাস ও ঐতিহ্যের অংশ, যা হাজারো মানুষের জীবন-জীবিকার সঙ্গে সম্পৃক্ত। খালের নাব্যতা ফিরিয়ে এনে কৃষি ও সেচব্যবস্থাকে সচল করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে সরকার আন্তরিক বলেও তিনি উল্লেখ করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু এমপি। বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইশরাক আহমেদ সিদ্দিকী।
শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মোতালেবের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস এম রুহুল আমীন ও উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।