
গফরগাঁও (ময়মনসিংহ), ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে লাইসেন্স নবায়ন না থাকা ও বিভিন্ন প্রশাসনিক অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ মার্চ) পরিচালিত অভিযানে পৌর শহরের সারা ডায়াগনস্টিক সেন্টার ও হ্যাভেনটাচ ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরিদর্শনকালে দেখা যায়, প্রতিষ্ঠান দুটির বৈধ ও নবায়নকৃত লাইসেন্স নেই এবং ডায়াগনস্টিক কার্যক্রম পরিচালনায় বিভিন্ন প্রশাসনিক ত্রুটি রয়েছে।
এসব অপরাধে সারা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং হ্যাভেনটাচ ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমির সালমান রনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন। আইনশৃঙ্খলা রক্ষায় গফরগাঁও থানা পুলিশের একটি বিশেষ দল সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।