
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে স্বামীর ছুরিকাঘাতে শারমিন আক্তার রুমা (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে উপজেলার কেওয়া চন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুমা নেত্রকোনা সদর উপজেলার জয়নগর গ্রামের সাহেব আলীর মেয়ে। তিনি স্বামী রতন মিয়ার সঙ্গে চন্নাপাড়া এলাকায় ইব্রাহিম খলিলের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ঘটনার পর থেকে স্বামী রতন মিয়া পলাতক রয়েছেন।
অভিযুক্ত রতন মিয়া নেত্রকোনা সদর উপজেলার জয়নগর এলাকার মরম আলীর ছেলে। রুমার এটি দ্বিতীয় বিয়ে বলে জানা গেছে।
নিহতের সহকর্মী খোদেজা জানান, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর প্রায় তিন বছর আগে রতন মিয়াকে বিয়ে করেন রুমা। এরপর তারা শ্রীপুরে বসবাস করে একই কারখানায় কাজ করতেন। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রতন ধারালো ছুরি দিয়ে রুমাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।