
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের রবমা এলাকায় যুবদল নেতা এমদাদ প্রধানের নেতৃত্বে ইয়াবাসহ এক দম্পতিকে আটক করে পুলিশে দিয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় এলাকায় মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে যুবদল নেতা এমদাদ প্রধানের নেতৃত্বে এলাকাবাসী অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক নারী ও এক পুরুষকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। তাদের আটকের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয়রা।
পরে আটককৃত দম্পতি ও উদ্ধারকৃত ইয়াবা শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানার পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।