
গাজীপুর প্রতিনিধি: পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে গাজীপুরে শ্রীপুরে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বুধবার (১১ মার্চ ) গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর ইউনিয়নের সমাজ কল্যাণ সেক্রেটারী মোঃ শামছুল ইসলাম তারেক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলার জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল ইসলাম।
অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারির আবুল কালাম আজাদ, গাজীপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ আইয়ুব আলী,থানা মজলিসের শুরা সদস্য মুন্সি রিয়াজ উদ্দিন প্রমুখ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। রোজার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট উপলব্ধি করতে পারে। তারা সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা এবং মানবকল্যাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।